পুঁইছড়ি প্রতিনিধি::: বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালীর পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক। এ সময় উপস্থিত ছিলেন পুঁইছড়ি বিট কর্মকর্তা মো. কামরুল হাছান, ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সুভাষ চন্দ্র লস্কর, ড্রেসার মো. দিদারুল আলম, বিটের ভিসিএফ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে মানব-হাতি সংঘাত নিরসন, হাতির আবাসস্থল সংরক্ষণ, বনাঞ্চলে অবাধ বিচরণ নিশ্চিতকরণ এবং বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, 'হাতি আমাদের বনাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত বন্যপ্রাণী। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হাতি সংরক্ষণ অত্যন্ত জরুরি। হাতির চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সচেতনতার মাধ্যমে মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ