সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

'তরুণ উদ্যোক্তা সমন্বয় সমিতি’র সহায়তা পেল বাঁশখালীর এক অসহায় পরিবার


সংলাপ প্রতিনিধি:::বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মধ্যম মনকিচর মহল্লাপাড়া নিবাসী তরুণ ক্ষুদ্র ব্যবসায়ী মুহাম্মদ রফিক (৩২) গত ষোল দিন আগে ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। মরহুম রফিক ছিলেন দুই সন্তানের জনক। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের বয়স ৫ বছর এবং মেয়ের বয়স ৩ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।

মরহুম রফিকের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার তরুণ উদ্যোক্তা সমন্বয় সমিতির উদ্যোগে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ সহায়তা কার্যক্রমে সমিতির পক্ষ থেকে মোট ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা সমন্বয় সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ নূর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সমিতির সদস্যরা বলেন, 'মরহুম মুহাম্মদ রফিক ছিলেন অমায়িক, মিশুক ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সর্বদা হাসিমুখে নিজেকে সম্পৃক্ত রাখতেন। সে কারণে তিনি ছিলেন এলাকাবাসীর অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবারটি আজ অসহায় হয়ে পড়েছে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।'

এছাড়া সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

এ মানবিক উদ্যোগের জন্য এলাকাবাসী তরুণ উদ্যোক্তা সমন্বয় সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ