বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বাঁশখালী উপকূল সংলগ্ন কুতুবদিয়া চ্যানেল থেকে দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। এ ছাড়া প্রায় ২২ হাজার মিটার দৈর্ঘ্যের দুটি চরঘেরা জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
পরবর্তীতে জব্দ করা সব জাল খাটখালী এলাকার গন্ডামারায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, বেহুন্দি ও চরঘেরা জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ও পোনা নিধন করা হয়, যা সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। মৎস্য সম্পদ রক্ষা ও ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার ও মৎস্য সম্পদ ধ্বংসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ